আবহাওয়া

দুপুরের মধ্যে দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় থাকা লঘুচাপ এখনো সক্রিয় রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এসব কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়েছে।

পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ আগামী দিনেও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝড় #ঝড়ের আভাস