রাজনীতি

মার্কা হিসেবে মুলা-বেগুন এসব থাকতে পারে না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যেগুলোতে মানুষের হাসির খোরাক জোগায়, এ ধরনের মার্কা নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় কীভাবে থাকে? এটা তো তাদের রুচিবোধের একটা প্রকাশ। এটা তাদের নিজেদেরই ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে যে নির্বাচন কমিশনের মার্কায় মুলা-বেগুন-খাট-থালাবাটি এগুলো থাকতে পারে না’।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শেরেবাংলা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সদর উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, দেশে কী মার্কার অভাব পড়ছে? আমরা আশা করছি, ইসি এটি সংশোধন করবে। যেহেতু আইনগতভাবে এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই এবং  নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো বাধা দেখাতে পারেনি। তাই এনসিপি শাপলা প্রতীক ছাড়া অন্য কিছু ভাবছে না।

তিনি বলেন,  ‘আমরা সর্বশেষ সাদা শাপলা ও লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে কিছু অ্যাড করতে হয়, এটুকু তারা করে দিতে পারে, আমাদের দ্বিমত থাকবে না।’

ইসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,  ‘স্বাধীন একটা প্রতিষ্ঠান কারও দ্বারা প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারিতা করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। এটার জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, অন্য কোনোভাবে মোকাবিলা করতে হয়, আমরা আমাদের জায়গা থেকে সেটা মোকাবিলা করেই শাপলা মার্কা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।’

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সারজিস