দেশজুড়ে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

প্রতীকী ছবি

সিলেট নগরীতে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে আর এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালী মডেল থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এই ঘটনা ঘটেছে। নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সামছুল হাবিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,  কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজ ভেতরের এলাকায় এক দুর্বৃত্ত যুবক ডালিমকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয়। এরপর নির্বিঘ্নে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেননি।

ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সামছুল হাবিব জানান, যিনি নিহত হয়েছেন, তিনিও চিহ্নিত ছিনতাইকারী। এর আগে জেলও খেটেছেন। এ কারণে হত্যাকারীও ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে। ছিনতাই সংক্রান্ত ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে। অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ছিনতাইকারী