জাতীয়

দুর্নীতি ও অর্থপাচার রোধে দুদক নেতৃত্ব দিতে ব্যর্থ : টিআইবি

ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অর্থপাচার রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্ব দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পাশাপাশি অর্থপাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের সিআইডি, এটর্নি জেনারেল ও জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যর্থ হয়েছে। সে কারণে এসব প্রতিষ্ঠানকেও ঢেলে সাজাতে হবে বলে মনে করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর এফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।

টিআইবি প্রধান বলেন, দুদকে বাইরের চাপ ছিল। অভ্যন্তরীণ অপারগতা ছিল, অদক্ষতা ছিল, সৎ সাহস ও দৃঢ়তার ঘাটতি ছিল। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি অকার্যকর ছিল। দুদক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটিকে ঢেলে সাজানো ছাড়া উপায় নেই। তবে দুদকে অনেক কর্মকর্তা আছেন যাদের চেষ্টা ছিল, উদ্যোগ ছিল।

তিনি বলেন,  দলীয়করণের কারণে দুদক, পুলিশসহ বেশ কিছু প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে।

ইফতেখারুজ্জামান অভিযোগ করেন,  সাবেক ভূমিমন্ত্রীর সাইফুজ্জামানের লন্ডনে অর্থপাচারের অভিযোগ ও তথ্য উপাত্ত দুদক, বিএফআইইউ, সিআইডিতে দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা নেয়নি ।

পাচার হওয়া অর্থের বিষয়ে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে রোডম্যাপ আছে। এর আগেও সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা গেছে। তবে বিষয়টি সময় সাপেক্ষ।

 

প্রসঙ্গত, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #দুদক