ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা হচ্ছে : প্রেস উইং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগে থেকেই এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত একটি ছবির সাথে ট্রাম্পের নৈশভোজের ওই ছবির তুলনা করে আসল ছবিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এ অভিযোগ করেন।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
প্রেস নোটে বলা হয়, অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিকে মিথ্যা দাবি করে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি এআই-জেনারেটেড ও বিকৃত ছবিকে সত্য হিসেবে প্রচারের চেষ্টা করছে। ওই ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
সহকারী প্রেস সচিব জানান, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই করা হয়। প্রতিবেদনে ছবিটিকে সম্পূর্ণ এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগে থেকেই এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত ওই ছবিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে উপস্থিতির আসল ছবিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আই/এ