প্রধানমন্ত্রী ভারতে যেতেই পারেন, তবে সেটি হতে হবে সমতার : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন যে, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন এবং পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো বাধা নেই। তবে সেই সফর হতে হবে পারস্পরিক সমতা, সমমর্যাদা এবং বন্ধুত্বের ভিত্তিতে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দেশের মানুষ আর কখনো কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না এবং তারা ভারতের সঙ্গে কেবল পারস্পরিক শ্রদ্ধা ও সমতার সম্পর্কই প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চাইলে দেশের চলমান দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজির কঠোরভাবে দমন করতে পারেন, এখন দেখার বিষয় তিনি আদৌ তা চাচ্ছেন কি না।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার রক্ষা ও নিশ্চিত করার জন্য সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, যাতে কেউ জোর করে বা অনৈতিকভাবে ভোট কেড়ে নিতে না পারে।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
আর/আই