দালালবিরোধী মাইকিং করায় নিরাপত্তাকর্মীর গলায় ছুরি, গ্রেপ্তার ১
রাজশাহীর একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে ‘রোগী ধরা’ দালাল, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সতর্ক করে হ্যান্ড মাইকে ঘোষণা দেওয়ার পর এক নিরাপত্তাকর্মীর গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধরও করে আহত করা হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতেই অভিযুক্ত আরিফুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (২১ আগস্ট) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
হামলার শিকার প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী সাব্বির হোসেন ছয়জনের নাম উল্লেখ করে রাজপাড়া থানায় মামলা করেছেন। এ মামলার প্রধান আসামি আরিফুল এবং অন্য আসামিরা হলেন লক্ষ্মীপুর এলাকার রিদান (২০), কেশবপুর নদীর ধার এলাকার রকি (২২), লক্ষ্মীপুর টিবি হাসপাতাল এলাকার মো. জিম (২৫), বসুয়া (অচিনতলা বালুর মাঠ) এলাকার মো. কাজল (৩০) ও মো. মাসুদ (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ‘রোগী ধরা’ দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবা নিতে আসা মানুষকে সতর্ক করতে হ্যান্ড মাইকে ঘোষণা দিচ্ছিলেন সাব্বির। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাকে ঘোষণা দিতে নিষেধ করেন এবং এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অন্য আসামিদের উসকানিতে আরিফুল দৌড়ে ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছনে যান। সেখান থেকে একটি বড় ধারালো ছুরি নিয়ে এসে সাব্বিরকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে সেখানে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করেন।
ওসি আবুল কালাম আজাদ জানান, আরিফুলকে লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে শুক্রবার (২১ আগস্ট) আদালতে পাঠানো হবে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
আর/আই