রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনার সময় সংসদ সদস্যরা সংসদে উপস্থিত থাকতে পারবেন : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট গণনা করার সময় সংসদ সদস্যরা সংসদে উপস্থিত থাকতে পারবেন। সবার সামনে ফলাফল ঘোষণা করা হবে। ভোটের প্রথম দিকে কিছু সময় সরাসরি সম্প্রচার করা হবে। সুতরাং এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া এ নিয়ে কারও কোন আপত্তি থাকার কথা নয়।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন।
সিইসি বলেন, ‘আমরা তিনটি মনোনয়ন বৈধ পেয়েছি। ১১ দলীয় ঐক্যের দুটি এবং সরকারি দল বিএনপির একটি। এখন উইথড্রলের দিন ছিল মঙ্গলবার (১৮ আগস্ট)। কেউ উইথড্র করেনি।’
তিনি বলেন, ‘আমাদের ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। এই ভোটার সংখ্যা নিয়ে আমাদের ঘোষিত শিডিউল অনুযায়ী ২০ তারিখে ভোট হবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একজন ভোটার, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, মাননীয় স্পিকার ভোটার, মাননীয় বিরোধী দলের নেতাও ভোটার এবং সব এমপিই ভোটার। সব মিলিয়ে খুব হাই-প্রোফাইল একটি নির্বাচন।’
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলের নেতার ভোট দেওয়ার বিষয়টি প্রথম দিকে একটু সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত হয়েছে। আবার যখন ভোট চলতে থাকবে, তখন বন্ধ করা হবে। পরে ৫টার সময় যখন গণনা শুরু হবে, তখন আবার সম্প্রচার শুরু হয়ে যাবে।
নাসির উদ্দিন বলেছেন, ‘সিইসি, নির্বাচনী কর্তা হিসেবে, যে রেজাল্টটা এনাউন্স করবেন, সবার সামনে এনাউন্স করবেন। আমারা ব্যালট কয়টা প্রিন্ট করেছি, কয়টা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইলো, কতটা অবশিষ্ট রইলো, কয়টা ব্যালট বাতিল হলো কতটা নষ্ট হলো—এগুলো সব বিস্তারিত বলা হবে’।
তিনি আরও বলেন, কোন ভোটার কাকে ভোট দিয়েছেন এটা তিনি ঘোষণা করবেন না। কিন্তু এটা জানা যাবে কারণ ব্যালটের মধ্যে যিনি ভোটার, তার নাম আছে। এখন যাকে ভোট দিলেন, তার নাম আছে।
আই/এ