কারিনা কায়সারের জানাজা ও দাফনের স্থান জানালেন কায়সার হামিদ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার (১৭ মে) দেশে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, ভারতের চেন্নাই থেকে দুপুরে তার মরদেহ বাংলাদেশে পৌঁছাবে। পরে বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় কারিনার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে এনে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেলে শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ হয়।
কনটেন্ট নির্মাণের পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজ দুটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী, নির্মাতা ও অসংখ্য ভক্তের মাঝে।
এসি//