জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মোটরসাইকেলে এসে দুইজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে শহরের মজমপুর দাদাপুর সড়কের পুলিশ লাইন-সংলগ্ন সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পরপরই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল ও আশপাশের আলামত, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। যারাই জড়িত থাকুন, তাদের গ্রেপ্তার করা হবে।
এছাড়াও মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ জানান,ধারণা করা হচ্ছে জজের শয়নকক্ষ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে দুজন এসে ককটেলসদৃশ একটি বস্তু বাসভবন লক্ষ্য করে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর তারা আবার ত্রিমোহনীর দিকে চলে যান।
আই/এ