আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত ১১০
আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন।
শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে প্রদেশটির রাজধানী আসাদাবাদের আন্দারসি এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাছাকাছি একটি খনি কোম্পানির বিস্ফোরক মজুতস্থলে অসাবধানতা ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের পরিচালক সামি উল হক বায়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, আসাদাবাদের শাগাই মিডল স্কুলের কাছে একটি বাড়িতে পাথর ভাঙা ও খনির কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক প্রস্তুত করার সময় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি শ্রেণিকক্ষের ছবিতে কাচের টুকরো ও ধ্বংসাবশেষের মধ্যে শিক্ষার্থীদের জুতা এবং স্কুলব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত শিশুদের গাড়ি থেকে নামিয়ে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার দৃশ্য দেখা যায়। এ সময় হাসপাতালের সামনে ভিড় করেন বহু মানুষ।
এমএ//