স্কুলে বোরকা ও হিজাব নিষিদ্ধ করে চূড়ান্ত আইন পাস করলো ইতালি
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা এবং প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন আইনে প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ শতাংশ। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না।
গত ২৬ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি চূড়ান্ত অনুমোদন পায়। ভোটাভুটিতে পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। চারজন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়। ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই পাস হলো শিক্ষা সংস্কার আইনটি।
নতুন আইন অনুযায়ী, স্কুলের পাঠদান ও অন্যান্য কার্যক্রমে এমন কোনো পোশাক পরে অংশ নেওয়া যাবে না, যাতে শিক্ষার্থীর মুখ ঢাকা থাকে বা পরিচয় শনাক্ত করা বাধাগ্রস্ত হয়। এর আওতায় বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানা হতে পারে। কোনো নাবালক শিক্ষার্থী নিয়ম ভাঙলে তার বাবা-মা বা আইনগত অভিভাবককে জরিমানার মুখে পড়তে হবে।
এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে নতুন আইনে।
আইনটি পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর লক্ষ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনার আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষাব্যবস্থায় যুক্ত হতে সহায়তা করা।
গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সে সময় স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার বিষয়ে তিনি বলেছিলেন, ‘শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে কখনও এমন কোনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, যা একজন কিশোরী বা তরুণীকে মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।’
শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি তুলে ধরে মেলোনি বলেছিলেন, ‘স্কুলগুলো সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে, সে সংক্রান্ত একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। এছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুল ব্যবস্থায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেই প্রস্তাবে।’
এরপর ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের মাধ্যমে তা আইনে পরিণত হলো।
তবে নতুন আইন নিয়ে সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো।
তাদের অভিযোগ, দেশটির শিক্ষাব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো সমাধানে আইনটি কার্যকর ভূমিকা রাখবে না। বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য এমন সীমা নির্ধারণ ও পোশাকের ওপর নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।
সূত্র: এএফপি
এসি//