দেশজুড়ে

কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটানোয় কারারক্ষী আটক

জয়পুরহাট জেনারেল হাসপাতালে এক কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত কারারক্ষীর ওয়াজেদ আলী (৪২) জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

সোমবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। আজ (২৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী তার সঙ্গে দেখা করতে জয়পুরহাটে আসেন। ওই দিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে নির্ধারিত দায়িত্ব শেষ হওয়ার পর ওয়াজেদের কারাগারের ব্যারাকে ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে ওই কলেজছাত্রীকে নিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করেন।

গভীর রাতে হাসপাতালের বারান্দায় দুজনকে একসঙ্গে অবস্থান করতে দেখে রোগীর স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তাদের আচরণ নিয়েও প্রশ্ন ওঠে। একপর্যায়ে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। তবে তাদের কথাবার্তা ও পরিস্থিতি নিয়ে সন্দেহ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

কলেজছাত্রী বলেন, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তান রয়েছে, সে বিষয়টি তিনি আগে থেকেই জানেন। তার সঙ্গে ওই কারারক্ষীর প্রেমের সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় ওয়াজেদ আলীর চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। এ বিষয়ে তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।

ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

অন্যদিকে, জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, কারারক্ষী ওয়াজেদ আলীর সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। এরপর মঙ্গলবার সকাল ৬টা থেকে তাঁর পুনরায় দায়িত্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে তাঁদের জানিয়েছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন