দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং দইয়ের মোড়কে লেবেল ব্যবহার না করার অপরাধে ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল উপজেলার হাটিকুমরুল ও চড়িয়া কান্দিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিতে তৈরি ফার্মেন্টেড মিল্ক দইয়ের প্যাকেটে কোনো লেবেল সংযুক্ত করা হয়নি। পাশাপাশি খাদ্য তৈরির পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় রেস্টুরেন্টটির ম্যানেজার মো. রজেল আহমেদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছ।

পরে, চড়িয়া কান্দিপাড়ায় অবস্থিত এইচ. এন. ফুড অ্যান্ড বেভারেজের শিশু খাদ্য চিপস উৎপাদনকারী কারখানায় অভিযান চালানো হয়। শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যের এ কারখানায় অভিযানকালে মালিককে পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে মালিককে অধিদপ্তরের জেলা কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া অভিযানের সময় স্থানীয় বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুদ এবং সরবরাহ ব্যবস্থার তদারকি করেন কর্মকর্তারা।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন