টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
গ্যাস পাইপলাইন মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের কারণে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক এই ভোগান্তিতে পড়বেন।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের সংস্কার ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসি//