জাতীয়

যেকোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, তিতাস শেখ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন। মানব পাচারকারীদের গুলিতে আমরা তাকে হারিয়েছি। এই মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে। যেকোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে। কারণ তারা দেশের শত্রু, জনগণের শত্রু।

শনিবার (০৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে কক্সবাজারে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলাকালে নিহত সৈনিক তিতাস শেখের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অত্যন্ত দৃঢ়। তাদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গভীরভাবে কাজ চলছে। কারণ মানব পাচারকারী সিন্ডিকেট শুধু এক জায়গায় নয়, দেশে-বিদেশে সব জায়গায় কাজ করে থাকে।

তিনি আরও বলেন, যেসব রুটে তারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেসব দেশের সরকার, পুলিশ ও প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি। কীভাবে এই মানব পাচারকারীদের আইনের আওতায় আনা যায় এবং কঠোরতম সাজা দেওয়া যায়, সে বিষয়ে কথা বলছি।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরসহ ১৪টি জেলার ডিসিদের সঙ্গে মানব পাচার সংক্রান্ত সভা করা হয়েছে বলেও জানান শামা ওবায়েদ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন