বিএনপি

নড়াইল ও ফরিদপুরে হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।  একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তা সফল হবে না। এত কিছুর পরও বর্তমান সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,  দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনও সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামে এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে। গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনও পুরোপুরি মুছে যায়নি।

তিনি আরও বলেন,  প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন