পার্শ্ববর্তী দেশের মদদে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ সফল হতে দেবে না: রিজভী
পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা জনগণ সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী।
এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুম, খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির মধ্য দিয়ে দলটির ফিরে আসা জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, ১৭ বছর ধরে জুলুম-অত্যাচার চালানোর পর পলাতক আওয়ামী লীগ নেতারা পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে দেশের ব্যাংকের অর্থ পাচার করে বিদেশে নিজেদের সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের প্রসঙ্গে রিজভী বলেন, আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। গত ১৭ বছর তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। এ সময় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাগারে থাকতে হয়েছে। তারপরও তারা নিজেদের আদর্শ ও নীতি থেকে সরে যাননি।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী এবং সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ//