সোমবার মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেবে : আজাদ সুবহানী
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, আগামী ২৩ তারিখে (সোমবা) সভা হবে, সেটি আমরা আগেই ঘোষণা করেছি। মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলবো। যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করবো।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আজাদ সুবহানী বলেন, দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে কি না বা অসহযোগিতা করছে কি না। তবে কোনও পক্ষ থেকেই মজুরি বোর্ডের ওপর চাপ নেই। বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল।
তিনি বলেন, এ পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করেছেন, সেখানে কোনও শ্রমিক কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে কেউ কেউ পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আর্থিক সমস্যার কথা জানিয়েছেন। আজকের পরিদর্শনে দুজন শ্রমিক তাদের পারিবারিক ব্যয়ের চাপের কথা বলেছেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে। শ্রমিকরা আন্দোলন না করলে তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো মালিকপক্ষ কিংবা বোর্ডের পক্ষে জানা সম্ভব হতো না। রাষ্ট্র শ্রমিকদের এ অধিকার সংরক্ষণ করে। শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড করার অধিকার কারও নেই।
আই/এ