দেশজুড়ে

সংস্কারের দেড়মাসের মাথায় বেড়িবাঁধে ধস

বরগুনায় সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দেড় মাসের মাথায় ধসে পড়তে শুরু করেছে পায়রা নদীর তীর রক্ষায় নির্মিত বেড়িবাঁধ ও বালুভর্তি জিও ব্যাগ। কোথাও জিও ব্যাগসহ বাঁধের অংশ নদীতে বিলীন হচ্ছে, আবার কোথাও দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিতে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার অন্তত ১৫টি গ্রামের মানুষ।

‎শুক্রবার (২০ নভেম্বর) বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম ও দায়িত্বশীলদের অবহেলার কারণেই এত অল্প সময়ে বাঁধের এই বেহাল দশা। তাঁদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দায়সারাভাবে কাজ করেছে।

‎স্থানীয়দের ভাষ্য, বাঁধ নির্মাণের সময় ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাঁধসংলগ্ন নদীর তীর থেকেই মাটি কেটে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে জিও ব্যাগে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত বালু ভরাট করার কথা থাকলেও অনেক ব্যাগে নামমাত্র বালু ও মাটি দিয়ে নদীতে ফেলা হয়েছে। কাজ চলাকালেই এসব অনিয়মের প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ আমলে নেয়নি বলে দাবি স্থানীয়দের।

‎জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। কাজগুলো বাস্তবায়ন করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন, মেসার্স আর.এস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয়।

‎কিন্তু কাজ শেষ হওয়ার দেড় মাস পার হতেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন।

সরেজমিনে দেখা যায়, পায়রা নদীর ভাঙন রোধে সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার অংশে সৃষ্টি হয়েছে বড় ধরনের ফাটল। কোথাও কোথাও বাঁধের মাটি সরে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন জোয়ারের পানির চাপে যেকোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে।

‎বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। শুধু বসতভিটা নয়, হুমকির মুখে পড়তে পারে এলাকার মানুষের জীবন-জীবিকা ও দীর্ঘদিনের কৃষিনির্ভর অর্থনীতি।

‎এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বেড়িবাধ ভেঙ্গে গিয়েছে বিষয়টি সেরকম না, ওই বেড়িবাঁধের পাশে নদীর তলদেশে ভাঙ্গ সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা খুব শিগগিরই কাজ শুরু করবো।

তিনি বলেন, এছাড়া প্রকৃতগত কারণে এখানে এ বাধের বদলে টেকসই বেড়িবাঁধ নির্মান প্রয়োজন। এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহতি করা হয়েছে আগামী বর্ষার আগে এ জায়গায় কাজ শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

‎আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন