মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: ড. খলিলুর রহমান
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।
ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি আরও বলেন, আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন। আদালত অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও উল্লেখ করেছেন। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। তিনি বলেন, এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
উল্লেখ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে খলিলুর রহমান সমাবেশস্থলে পৌঁছালে হাততালি দিয়ে তাকে স্বাগত জানান হাজারও রোহিঙ্গা। তার বক্তব্য ও আশার বাণী শোনার জন্য সকাল থেকেই মাঠে অপেক্ষা করছিলেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/এ