ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি নাৎসি বাহিনীর পতনের পর জার্মানিতে তাদের রাজনৈতিকভাবে ফিরে আসতে না পারার উদাহরণ টানেন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিটলারের নাৎসি বাহিনী যেভাবে জার্মানি থেকে পালিয়ে যাওয়ার পর আর দেশটির রাজনীতিতে ফিরতে পারেনি, একইভাবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবে না।
বক্তব্যে আওয়ামী লীগের হরতাল চলাকালে বাসে অগ্নিসংযোগের একটি পুরোনো ঘটনাও তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, হরতালের সময় বাসে আগুন দেওয়া আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটন, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীরা বাস থেকে বের হতে পারেননি।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ তুলে ধরে তিনি বলেন, আগুনে পুড়ে বাসের যাত্রীরা মারা যান। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজও ব্যাহত হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও দুজন। এ ঘটনার স্বীকারোক্তি এখনো ইউটিউবে পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করেও শেখ হাসিনা অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের তালিকা তৈরি, তাদের বাড়িঘরে হামলা এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে দেশে এমন পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মানবাধিকার ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও দেশে ফিরে প্রথম বক্তব্যে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দমন-পীড়নের কাজে ব্যবহার করার কোনো ইচ্ছা সরকারের নেই। তবে প্রয়োজন হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।
এমএ//