রাজধানী

রাজধানীতে নিরাপত্তা জোরদারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যা। পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

নিয়াজ মেহেদী বলেন, যারা ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও নজরদারি রয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এলক্ষ্যে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন