ককটেল- পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠনের ৫ নেতা-কর্মী আটক
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল ও মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও একটি বিস্ফোরিত পেট্রোল বোমার ভাঙা অংশ উদ্ধারের করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টা ৩৫ মিনিটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী সফিপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে পাঁচ জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও একটি বিস্ফোরিত পেট্রোল বোমার ভাঙা অংশ উদ্ধার করা হয়্।
এ ঘটনায় মোট ১২ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন আটক হয়েছে এবং বাকি সাতজন পলাতক রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমজে/এ