তথ্য-প্রযুক্তি

১৩ বছরের অপেক্ষার অবসান, কয়েকঘণ্টা পরই আসছে জিটিএ ৬

দীর্ঘ ১৩ বছর পর নতুন মূল সংস্করণ নিয়ে ফিরছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’। রকস্টার গেমসের ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর। 

২০১৩ সালে বাজারে এসেছিল সিরিজটির সর্বশেষ মূল গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৫’। এরপর থেকেই নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন ভক্তরা। 

যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডায় সাজানো হয়েছে গেমটির পটভূমি। এর অন্যতম প্রধান শহর ভাইস সিটি, যা বাস্তবের মিয়ামি শহরের আদলে তৈরি। গেমটি প্রধান দুই চরিত্রে থাকবে জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস। অপরাধজগতের নানা ঘটনার মধ্য দিয়ে এগোবে তাদের গল্প।

যুক্তরাষ্ট্রের বাজারে গেমটির স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৭৯ দশমিক ৯৯ ডলার। অতিরিক্ত কনটেন্টসহ আলটিমেট সংস্করণ কিনতে গুনতে হবে ৯৯ দশমিক ৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়ায় প্রায় ৯ হাজার ৮০০ থেকে ১২ হাজার ৩০০ টাকা।

মুক্তির আগেই বিক্রির দিক থেকে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে গেমটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, গত ৩ নভেম্বর পর্যন্ত জিটিএ ৬-এর ডিজিটাল প্রি-অর্ডারের সংখ্যা ছিল প্রায় ৭৭ লাখ। এসব অর্ডারের আনুমানিক বাজারমূল্য ৭৫ কোটি ডলারের বেশি। 

পরবর্তী সময়ে প্রি-অর্ডার থেকে আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে বিভিন্ন হিসাবে দাবি করা হয়েছে। তবে রকস্টার গেমস কিংবা এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো হিসাব প্রকাশ করেনি।

গেমটির নির্মাণব্যয় নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন প্রতিবেদন ও বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এর নির্মাণ খরচ ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। তবে প্রকৃত ব্যয়ের অঙ্ক এখনো প্রকাশ করেনি রকস্টার।

২০১৩ সালে মুক্তির পর জিটিএ ৫ প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি থেকে আয় করেছিল ৮০ কোটি ডলারের বেশি। তিন দিনের মধ্যেই গেমটির বিক্রি ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। দীর্ঘদিনের জনপ্রিয়তায় এখন পর্যন্ত এর ২৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।

প্রাথমিকভাবে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে জিটিএ ৬ খেলার সুযোগ মিলবে। তবে পিসি সংস্করণ কবে আসবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ জানায়নি রকস্টার গেমস।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন