দেশজুড়ে

সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মাত্র দুই কৃষকের কাছে ৮০ বস্তা সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।

 স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে দুই কৃষকের কাছে বিক্রি হওয়া ৮০ বস্তা  সার ডিলার পয়েন্ট থেকে গাড়িতে করে অন্যত্র পাঠানো হচ্ছিল। পথে জামতলা এলাকায় গাড়িতে বিপুল পরিমাণ সার দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা গাড়িটি আটকে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেসার্স তাইম বীজ ভান্ডারের মালিক ও সার ডিলার কামাল হোসেনকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিক নিয়মে সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সার বিক্রি করতে হবে। কোনো ডিলার নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রি, মজুত কিংবা বিতরণে অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (হর্টিকালচার) কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুণ্ডু সূর্য, ঈশ্বরদী থানা-পুলিশের সদস্য এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন