শহীদ নূর হোসেন দিবস আজ
বুকে ও পিঠে লেখা ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’—দুই স্লোগান নিয়ে রাজপথে নেমেছিলেন তরুণ নূর হোসেন। লক্ষ্য ছিল স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্রের মুক্তি। কিন্তু সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় তাকে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ঘটে এই ঘটনা। তার আত্মত্যাগে নতুন গতি পায় স্বৈরাচারবিরোধী গণআন্দোলন।
সেই আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত।
১৯৮৭ সালের ওই দিন নূর হোসেন ছাড়াও পুলিশের গুলিতে শহীদ হন নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো। তাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বিস্তৃত ও বেগবান হয়। শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে অবসান ঘটে স্বৈরশাসনের।
তবে ১০ নভেম্বরকে ঘিরে রয়েছে ভিন্ন রাজনৈতিক ব্যাখ্যাও। জাতীয় পার্টি দিনটিকে পালন করে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনার স্মরণেই দিনটি পালন করে দলটি।
দিবসটি উপলক্ষে আজ সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
এসি//