আন্তর্জাতিক

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে ইজমির শহরের কাছাকাছি একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতদের সবাই কারখানাটিতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার  মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কারখানাটিতে উদ্ধারকাজ চলছে।

স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আলিয়াগা এলাকার হাবাস ডেমির চেলিক কারখানায় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। ইজমিরের গভর্নর জানান, একটি ক্রেনে করে বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে। ক্রেনের অংশবিশেষ নিচে থাকা চুল্লিতে আঘাত করলে বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর এরদোয়ান প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে অনেকে প্রথমে ভূমিকম্প হয়েছে বলে ধারণা করেছিলেন।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে এ দুর্ঘটনা ঘটে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন