পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
এদিকে একই সময়ে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ জানান, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে এসবির একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
আই/এ