আবারও জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে প্রায় চার দিন পর আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলএনজি) গ্যাসে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে বলে পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এ সময় সহযোগিতার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।
এর আগে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে বলে জানিয়েছিল পেট্রোবাংলা। এ পরিস্থিতিতে সারাদেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করে।
আই/এ