জাতীয়

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন

ছবি: সংগৃহীত ফাইল ছবি

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ থেকেই এ বোর্ড কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, দ্রুত বোর্ডের সভা ডাকা হবে। সেখানে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শ্রমিকরা রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে কাজে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত, গেল কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন