এবার ৭৩৯ শ্রমিক ছাঁটাই করলো কেয়া গ্রুপ
গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে নোটিস দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শ্রমিকরা।এর আগে গত সেপ্টেম্বরেও কেয়া গ্রুপের চারটি কারখানা থেকে ৬২৭ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিস টানানো হয়েছে। আজ (২০ অক্টোবর) গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিসে বলা হয়, ব্যাংকিং জটিলতা, গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে আছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে।
এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকায় উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন বিভাগ ও সেকশনের কিছু পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নোটিসে আরও বলেছে, ভবিষ্যতে কারখানায় পুনরায় কর্মী নিয়োগের প্রয়োজন হলে শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী এই ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে যাদের চাকরি বহাল রয়েছে, তারা লে-অফের আওতায় থাকবেন এবং আইন অনুযায়ী লে-অফের সুবিধা পাবেন।
শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের সব পাওনা এক মাসের মধ্যে পরিশোধ করা হবে।
প্রসঙ্গত, ছাঁটাই আওতায় থাকা কেয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো হলো- নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেড।
আই/এ