আগামীকালের মধ্যে সরকারি ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া না সরালে বাসা বাতিল
সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর বাসার পুরো অংশ অথবা কোনও কক্ষ ভাড়া দিলে আগামীকাল (৩১ অক্টোবর) মধ্যে ভাড়াটিয়া সরিয়ে সেখানে নিজে বসবাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে কোনও ধরনের আগাম নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদফতরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি আজ (৩০ অক্টোবর) জানা গেছে।
এতে বলা হয়েছে, সরকারি বাসা পরিদর্শনকালে বরাদ্দ পাওয়া কয়েকজনের বিরুদ্ধে বাসার এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়ার তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি। তাই যারা ইতোমধ্যে সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনও অংশ ভাড়া দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেট গ্রহীতাকে সরিয়ে দিতে হবে। একই সঙ্গে বরাদ্দ পাওয়া ব্যক্তিকে ওই বাসায় নিজে বসবাস নিশ্চিত করতে হবে।
৩১ অক্টোবরের পরও কোনও সরকারি বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দবিধি অনুযায়ী বরাদ্দ বাতিল করা হবে। এ ক্ষেত্রে আলাদা করে কোনও নোটিশ দেওয়া হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
আই/এ