তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাহসিফ সুরি মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তাহসিফ সুরি মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এটা পত্রিকায় পড়েছি। এখনো পর্যন্ত পোস্টমর্টেম চলছে। আর একটা প্রাথমিক তদন্ত হবে। তারপরে কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলতে চাই না। আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। আমি সবকিছু জেনে তারপরে কথা বলব।’
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা জোরদার, জনবল বাড়ানো এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে বাহিনীকে শক্তিশালী করার কাজ চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ বর্তমান অবস্থায় পৌঁছেছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় তার এক আত্মীয়কে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই মুঠোফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
এসি//