আন্তর্জাতিক

ট্রাম্পের দুই বছরের শাসন নিয়ে ক্ষুব্ধ ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তুলেছেন।

শনিবার (২৪ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে এক প্রচার সমাবেশে বক্তব্য দেন ওবামা।

এ সময় তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এমন একটি যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি।

ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, গত দুই বছরে দেশটিতে বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখা গেছে। এসবের বিরুদ্ধে এবার ‘যথেষ্ট হয়েছে’ বলার সুযোগ ভোটারদের সামনে এসেছে।

পরে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আরেকটি প্রচার সমাবেশে অংশ নেন ওবামা। সেখানে আগামী ৩ নভেম্বরের ভোটকে ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

ওবামার অভিযোগ, ট্রাম্প নিজের স্বার্থে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করছেন এবং সুবিধা বিক্রির মতো কর্মকাণ্ডে জড়িত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তিনি।

ওবামার মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার হুমকি দিয়ে ইরান এখন বিশ্ববাজারে তেলের সরবরাহের ওপর আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে।

ওহাইওর গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাক্টনকে নিয়ে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর প্রচার বিজ্ঞাপনেরও সমালোচনা করেন ওবামা। ওই বিজ্ঞাপনে অ্যাক্টনের মা তার মেয়ের শৈশবের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ভোটারদের তাকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

এ ধরনের প্রচারের সমালোচনা করে ওবামা বলেন, রাজনৈতিক প্রচারে এমন কিছু সীমারেখা থাকা উচিত, যা কেউ অতিক্রম করবে না। এ সময় অ্যাক্টনের পাশে থাকার কথাও জানান তিনি।

ডেট্রয়েটের সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষেও কথা বলেন ওবামা। এল-সাইয়েদের নাম ও মুসলিম পরিচয় ব্যবহার করে তাকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ওবামা বলেন, এল-সাইয়েদ তার মতোই মূল্যবোধ ধারণ করেন।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের আরেকটি সমাবেশেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন