জাতীয়

সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল এখনো সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যেটিকে কেউ কেউ সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। জামায়াতে ইসলামী সংস্কার বলেই সন্তুষ্ট থাকলে সরকারের আপত্তি নেই। তবে বিরোধী দল হিসেবে তারা এখন পর্যন্ত সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছে না।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদ দেশের সামগ্রিক জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। জুলাইয়ের ঘটনা কোনো এক দিনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়।

তিনি বলেন, রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতির স্মৃতিতে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাইকে পথনির্দেশক হিসেবে বিবেচনা করছে সরকার। সাহিত্য, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু জুলাই মাসে স্মরণানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই অধ্যায় শেষ করা যাবে না। শহীদদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের আকাঙ্ক্ষা এবং জুলাই ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব নয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সরকার এগিয়েছে। সনদের কিছু বিষয় সংবিধানসংশ্লিষ্ট, অন্যগুলো আইন ও বিধিবিধানের আওতাভুক্ত। আইনি কার্যক্রম ও বিধিবিধান প্রণয়নের কাজ চলমান রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছেন। শহীদদের সব আকাঙ্ক্ষাই প্রধানমন্ত্রীর পরিকল্পনার অন্তর্ভুক্ত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন