জাতীয়

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যাওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা পরীক্ষাগারবাহী গাড়িতে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম ও খাদ্যের মান যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

তারা জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানেও খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগারবাহী গাড়ি সংগ্রহের কার্যক্রম চলছে।

খাদ্য নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এসব গাড়িতে। গাড়ির বাইরে স্থাপিত পর্দায় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন