পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১০৪৪ ভরি স্বর্ণ ও ৩০ দেশের মুদ্রা
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রূপা। এছাড়া পাওয়া গেছে ৩০ দেশের বৈদেশিক মুদ্রা।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
তিনি জানান, ছয় বছরে জমা হওয়া সোনার পরিমাণ ১২ কেজি ১৭৪ গ্রাম, যা ১০৪৪ ভরি। আর রুপার পরিমাণ ১২ কেজি ৬৯০ গ্রাম , যা ১০৮৮ ভরি।
গণনা কার্যক্রমের দায়িত্বে থাকা রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী জানান, ৩০টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। তবে এসব মুদ্রা গণনা করতে সময় লাগবে।
এর আগে সকালে জেলা প্রশাসনের ট্রেজারি থেকে সিলগালা করা কন্টেইনার ও খাম বের করা হয়। পরে কড়া নিরাপত্তায় সেগুলো কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেওয়া হয়। সেখানে নয়টি কন্টেইনারে রাখা সোনা-রুপা এবং ছয়টি সিলগালা খামে থাকা বৈদেশিক মুদ্রা গণনা ও পরিমাপের কাজ শুরু হয়। দিনভর এ কার্যক্রম চলে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ছয়জন এসআরবি সদস্য।
আই/এ