দেশজুড়ে

অতীতের সব রেকর্ড ভেঙেছে পাগলা মসজিদের দানবাক্সের টাকার পরিমাণ

ছবি: সংগৃহীত

মানত পূরণ, মনের আশা কিংবা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় দান করেন মানুষ। সেই দানে আবারও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবার মসজিদের ১৫টি দানবাক্সে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। ৫১ বস্তা টাকা গণনা শেষে রাত সাড়ে ১০টায় কাজ শেষ হয়। গণনা শেষে পাওয়া অর্থ রূপালী ব্যাংকের হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ।

এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। সাধারণত তিন থেকে চার মাস পরপর এসব দানবাক্স খোলা হয়। এর আগে গত ২৭ জুন ছয় মাস পর ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার সকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হকের নেতৃত্বে দানবাক্স খোলা হয়।

প্রথমে সিন্দুক থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। এ কাজে অংশ নেন প্রায় ৬০০ জন। তাদের মধ্যে ছিলেন নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী। এ সময় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেসীসহ মসজিদ কমিটির কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা।

জনশ্রুতি রয়েছে, সহিহ নিয়তে এ মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে দান করতে আসেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ নানা সামগ্রীও দান করেন তারা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। এ ছাড়া অনলাইনে জমা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন