আন্তর্জাতিক

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ভারতের রাজধানী দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সোমবার (১২ অক্টোবর) সকালে ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের সকাল ছয়টার সতর্কবার্তায় বলা হয়, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গেছে।

ভারী বৃষ্টিতে মধ্য দিল্লির করোল বাগের ঝান্ডেওয়ালান মন্দিরের আশপাশসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। এ পরিস্থিতিতে চালকদের সতর্কভাবে গাড়ি চালানো এবং জলাবদ্ধ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

তবে সোমবার সকালের ভারী বৃষ্টির পর আবহাওয়ায় স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন