দেশজুড়ে

ফ্যামিলি কার্ডের কথা বলে কাবিননামায় বিধবার টিপসই

ময়মনসিংহের ফুলবাড়িতে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার কাছ থেকে কাগজে টিপসই নেওয়া হয়। এরপর তাঁকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে কোনো বিয়েতে সম্মতি দেননি বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। তবে গ্রামে ছড়িয়ে পড়া ওই কাবিননামা জাল বলে জানিয়েছেন কাজি গোলাম মোস্তফা।

সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।  ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে কৌশলে টিপসই নেন স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার। ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম আছে।

জানা যায়, প্রায় ১৩ বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। স্বামীর মৃত্যুর পর মানুষের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তাঁর নাতি-নাতনিও আছে। অভিযুক্ত আবদুল কুদ্দুস আগেও বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি কখনো প্রস্তাবে রাজি হননি। কুদ্দুসের সংসারে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলেমেয়েসহ নাতি-নাতনি আছে।

ভুক্তভো নারী জানান, তিনি কোথাও বিয়ে করতে জাননি এবং কোন কাজিকেও দেখেননি।

টিপসই নেয়া অভিযুক্ত আবদুস ছাত্তার নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি কোনো টিপসই নেননি। এলাকার জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে ফাঁসানো হচ্ছে।

কাবিননামায় দেখা যায়, কাজি গোলাম মোস্তফা বিয়ে সম্পন্ন করেছেন। এতে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ আছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম আছে।

তবে সাইফুল ইসলাম দাবি করেন, তিনি কোনো বিয়ের সাক্ষী হননি।

কাজি গোলাম মোস্তফা জানান,  এই বিয়ের কোন কিছু তিনি সম্পন্ন করেননি। যে কাগজ ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ জাল। এর আগে ২০২০ সালে এমন একটি জাল কাগজ তৈরি হওয়ায় ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবার কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন।

উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক বলেন, ছাত্তার জামায়াতের পদধারী কোনো নেতা নন; বিগত নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। আগে তিনি বিএনপি করতেন।  বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে, ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

বিষয়টি নিয়ে গত সোম ও বুধবার গ্রামে দুই দফা সালিস বসেছে। তবে সালিসে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন না। আগামীকাল শুক্রবার পর্যন্ত তাঁদের সময় দেওয়া হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ঘটনাটি তাঁরা বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। কিন্তু এ বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন