আইন-বিচার

এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না: চেম্বার আদালত

ছবি: সংগৃহীত ফাইল ছবি

এক পরিবারের একাধিক সদস্যের সারের ডিলার হওয়ার সুযোগ থাকছে না। আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে এ বিষয়ে নতুন সার ডিলার নিয়োগের নীতিমালার বিধান কার্যকর থাকবে।

বুধবার (০৭ অক্টোবর) ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর ৩(১১) ধারার বৈধতা নিয়ে করা রিটে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আদালতের এ আদেশের ফলে একই পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সারের কৃত্রিম সংকট, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকাতে আগের নীতিমালায় পরিবর্তন আনে সরকার। এর ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।

নীতিমালার ৩(১১) ধারায় বলা হয়েছে, একই পরিবারের কোনো একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষের দেওয়া খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অন্য কেউ ডিলারশিপ বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।

এ ধারায় পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা এবং একই খানায় খাবার গ্রহণকারী নির্ভরশীল ভাই-বোনকে বোঝানো হয়েছে।

নীতিমালার এ ধারা চ্যালেঞ্জ করে ঠাকুরগাঁওয়ের রওশন আরা বেগম ও তার স্বামী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গেল ৫ অক্টোবর তাদের ক্ষেত্রে নীতিমালার ৩(১১) ধারার ওপর স্থিতাবস্থা দেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা হয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে বুধবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।

 

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইকরামুল হক টুটুল।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন