জাতীয়

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

তিনি বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও বলেন,  জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে। তাদের জন্য সাংবিধানিক সুরক্ষাও সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের  মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের  মোট ৬৩ জন অংশ নেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন