বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক
একজন শিক্ষকের হাতে শুধু বই নয়, তৈরি হয় একটি প্রজন্ম। জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা দিয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই শিক্ষকদের সম্মান জানাতে আজ সোমবার (০৫ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার।
সোমবার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। প্রত্যেক শিক্ষক পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দুপুর সাড়ে ১টার মধ্যে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের কথা রয়েছে। প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য এবং প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
সম্মাননা পাওয়া শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। জাতি গঠনে শিক্ষকদের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সম্মাননার মাধ্যমে তাঁদের মর্যাদা আরও তুলে ধরাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ বছর সবচেয়ে বেশি শিক্ষক সম্মাননা পাচ্ছেন কলেজ ও সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন।
প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে সম্মাননা পাচ্ছেন সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে ১৮ জন সরকারি এবং ২ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
চিকিৎসা শিক্ষায় ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয়ের এবং ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষকও থাকছেন সম্মাননার তালিকায়।
যোগ্য শিক্ষক বাছাইয়ে নেওয়া হয়েছে একাধিক ধাপের প্রক্রিয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথক সার্চ কমিটি গঠন করে। প্রতিটি কমিটি সংশ্লিষ্ট শ্রেণিতে তিনজন করে গুণী শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠায়।
বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত সার্চ কমিটি প্রতিটি শ্রেণিতে তিনজনের প্যানেল তৈরি করে। এসব প্যানেল পর্যালোচনার পর জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্তভাবে সম্মাননার জন্য শিক্ষকদের নির্বাচন করে।
বিশেষ প্রয়োজনে সম্মাননার সংখ্যা বা স্তর কমানো-বাড়ানোর ক্ষমতাও রয়েছে জাতীয় স্টিয়ারিং কমিটির।
ইউনেসকোর ঘোষিত প্রতিপাদ্য অনুসারে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে দেশজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করা হবে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, প্রকৌশল, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস।
এসি//