মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলা, বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (০৪ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে সেবা প্রদানকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত।
এ ঘটনায় সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।