আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় ৬ দেশ: ইসহাক দার

ছবি: সংগৃহীত

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে ছয়টির বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে দেশগুলোর নাম জানাননি তিনি।

শুক্রবার (০৩ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালানো এই চুক্তির উদ্দেশ্য নয়।

গেল ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। পরে এটি ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ ব্যবস্থার সঙ্গে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের কিছুটা মিল রয়েছে।

ইসহাক দার জানান, চুক্তির আওতায় জোটের প্রথম বৈঠক ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে জোটের সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে জোটের প্রথম মহাসচিব হিসেবে মনোনীত করেছে বলেও জানান তিনি।

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পরিস্থিতি পর্যালোচনায় আগামী সপ্তাহে মক্কা চুক্তির আওতায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান দার। তার দাবি, এখন পর্যন্ত সৌদি আরব ১৭ থেকে ১৮টি হামলার মুখে পড়েছে।

ইসহাক দার বলেন, “সৌদি আরবকে রক্ষা করা আমাদের দায়িত্ব।” এ ধরনের জোট গঠনের সুযোগ জাতিসংঘ সনদেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ন্যাটোও একই ধরনের নীতিতে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

হরমুজ প্রণালি নিয়ে ইসহাক দার বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলের জন্য কোনো ধরনের ফি বা সার্ভিস চার্জ নেওয়া উচিত নয়।

তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উভয়েই বিষয়টির কোনো না কোনোভাবে সমাধান চান। তবে সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: জিও নিউজ

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন