রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামবাহী তিনটি লরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় বিমানবন্দর থেকে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে।
তিনটি লরিতে ইউরেনিয়াম বহন করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি গাড়িবহরের নিরাপত্তায় এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে আনা হবে।
এমএ//