বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের শরীরে আগুন, অভিযুক্ত আটক
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ইব্রাহিম খলিল (৩৭) নামে ওই দোকানদারের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে (৩১) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে রাতেই উপজেলার সহিলাটি গ্রামে অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়।
দোকানদার ইব্রাহিম খলিল উপজেলার চেংজানা গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া-আটারবাড়ি সড়কের সাহিতপুর বাজারে মুদি দোকান চালাতেন খলিল। পাশাপাশি বোতলে করে পেট্রোল ও অকটেন বিক্রি করতেন তিনি।
বৃহস্পতিবার রাতে খলিলের গ্রামের প্রতিবেশী সুমন তার দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। খলিল বাকিতে সিগারেট দিতে রাজি না হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে দোকানের সামনে রাখা পেট্রোলের একটি বোতল নিয়ে খলিলের শরীর ও দোকানে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।
পরে স্থানীয়রা আগুন নেভানোর পর খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম শুক্রবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দোকানদার খলিলের শরীরে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত সুমনকে রাতেই আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।
এমএ//