আবহাওয়া

ভোরের কুয়াশায় প্রকৃতিজুড়ে বাজছে শীতের আগমনী সুর

আষাঢ় থেকে আশ্বিন—বাংলার প্রকৃতিতে বর্ষার এই চার মাসজুড়ে চলে বৃষ্টির রাজত্ব। বছরের মোট বৃষ্টির প্রায় ৮০ শতাংশই ঝরে এ সময়ে। তবে এবার অক্টোবরের শুরুতেই যেন দ্রুত বিদায়ের পথে মৌসুমি বায়ু। আর এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের আবহাওয়ায়।

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমার সঙ্গে সঙ্গে কমেছে বৃষ্টির দাপটও। চট্টগ্রাম ছাড়া দেশের বেশির ভাগ এলাকায় এখন আবহাওয়া শুষ্ক। বুধবার দেশের সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙামাটিতে। একই দিনে সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় ভ্যাপসা গরমের অনুভূতি থাকলেও মধ্যরাত থেকে আবহাওয়ায় কিছুটা শীতল ভাব পাওয়া যাচ্ছে। শহরের বাইরে ভোরের দিকে কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশারও। আশ্বিনের শেষভাগে এসে ঋতুর এই বদল যেন প্রকৃতির চেহারাতেও ধীরে ধীরে ছাপ ফেলতে শুরু করেছে।

শীত অবশ্য এখনই জেঁকে বসার সময় হয়নি। তবে শহরের কোলাহল পেরিয়ে ভোরের খোলা জায়গায় দাঁড়ালে হালকা ঠান্ডা বাতাসের পরশ মিলছে। রাত বাড়লে ফ্যান বন্ধ করে পাতলা চাদর গায়ে জড়ানোর প্রয়োজনও অনুভূত হচ্ছে অনেকের। বর্ষার ভ্যাপসা গরম পেরিয়ে দুপুরের রোদেও আগের সেই তীব্রতা নেই। গাছের শুকনো পাতা ঝরে পড়া আর গোধূলির বদলে যাওয়া রং মিলিয়ে প্রকৃতিতে যেন শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়েছে।

কার্তিক মাস সামনে রেখে কুয়াশার আবরণ আর রাতের শীতলতা আরও বাড়তে পারে। তবে শীত আসতে এখনো কিছুটা সময় বাকি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে। সব মিলিয়ে বর্ষার শেষভাগ পেরিয়ে প্রকৃতি এখন ধীরে ধীরে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন