আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ‘ঐতিহাসিক বিজয়’: আইআরজিসি

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ থেকেও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি অঞ্চলটির অস্থিতিশীলতা বাড়িয়েছে। তাই ওয়াশিংটনের উচিত অঞ্চলটি ছেড়ে দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোর হাতে তুলে দেওয়া।

আইআরজিসির দাবি, ইরাকে প্রায় দুই দশকের মার্কিন সামরিক উপস্থিতির অভিজ্ঞতা দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিরাপত্তা প্রতিষ্ঠার পরিবর্তে পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা বাড়িয়েছে।

ইরাকে মার্কিন সামরিক অভিযান ও দীর্ঘমেয়াদি উপস্থিতির মানবিক ও আর্থিক ব্যয়ের কথাও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব অনুযায়ী, প্রায় ২০ বছরের সামরিক অভিযানে ইরাকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ওয়াশিংটনের ব্যয় হয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।

সংগঠনটির আরও দাবি, দীর্ঘ সামরিক উপস্থিতির পর ব্যাপক জনঅসন্তোষের মধ্যে শেষ পর্যন্ত ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা মার্কিন সরকারি হিসাবের চেয়ে বেশি বলেও দাবি করেছে আইআরজিসি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন